আজ শুরু হচ্ছে ডিসি সম্মেলন, থাকছে ৪৯৮ প্রস্তাবের আলোচনা

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ৩, ২০২৬, ০৯:৩২ এএম

দেশের মাঠ প্রশাসনকে আরও গতিশীল ও জনমুখী করতে চারদিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হচ্ছে আজ রোববার (৩ মে)। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ সকাল সাড়ে ১০টায় সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মন্ত্রিপরিষদ বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এই সম্মেলন চলবে আগামী ৬ মে পর্যন্ত। এবারের সম্মেলনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের পক্ষ থেকে প্রাপ্ত এক হাজার ৭২৯টি প্রস্তাবের মধ্য থেকে বাছাই করা ৪৯৮টি প্রস্তাব আলোচনায় আসবে।

সম্মেলন ঘিরে শনিবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। তিনি জানান, জনসেবা বৃদ্ধি, স্বাস্থ্যখাতের উন্নয়ন, অবকাঠামো নির্মাণ, আইনশৃঙ্খলা জোরদার, সামাজিক নিরাপত্তা এবং দারিদ্র্য বিমোচনসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে প্রস্তাবগুলো প্রাধান্য পেয়েছে। এর মধ্যে স্বাস্থ্যসেবা খাতেই সর্বাধিক সংখ্যক প্রস্তাব রয়েছে।

চারদিনের এই আয়োজনে মোট ৩৪টি অধিবেশন অনুষ্ঠিত হবে, যার মধ্যে ৩০টি কার্য-অধিবেশন। এছাড়া রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার ও প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, নির্দেশনা গ্রহণ এবং অন্যান্য আনুষ্ঠানিক কর্মসূচিও রয়েছে। নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশনের সঙ্গেও পৃথক অধিবেশন অনুষ্ঠিত হবে।

প্রথম দিনের সূচি অনুযায়ী উদ্বোধনের পর প্রধানমন্ত্রীর সঙ্গে মুক্ত আলোচনা ও ফটোসেশন অনুষ্ঠিত হবে। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বাস্থ্যসেবা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরের সঙ্গে ধারাবাহিক অধিবেশন অনুষ্ঠিত হবে।

এদিন সন্ধ্যায় বঙ্গভবন-এ রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও নৈশভোজে অংশ নেবেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরা।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত নতুন সরকারের অধীনে এটিই প্রথম ডিসি সম্মেলন, যা মাঠ প্রশাসনের নীতিনির্ধারণ ও বাস্তবায়ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবে বলে মনে করা হচ্ছে।

এএন