২০২১-২২ অর্থবছরের সরকারি বিভিন্ন দপ্তর ও সংস্থার নিরীক্ষা প্রতিবেদন প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট উপস্থাপন করেছেন মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম।
মঙ্গলবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ প্রতিবেদনগুলো উপস্থাপন করা হয় বলে জানান প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী।
তিনি জানান, এ সময় মোট ৩৮টি প্রতিবেদন প্রধানমন্ত্রীর কাছে পেশ করা হয়। এসব প্রতিবেদনে সরকারি বিভিন্ন দপ্তর ও সংস্থার ওপর পরিচালিত সম্মতি নিরীক্ষা ও কার্যসম্পাদন নিরীক্ষার পর্যবেক্ষণ এবং সুপারিশ সম্পর্কিত তথ্য তুলে ধরা হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য অনুযায়ী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১২৮(১) এবং মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক (অতিরিক্ত কার্যাবলি) আইন, ১৯৭৪-এর ধারা ৫ অনুসারে এসব নিরীক্ষা প্রতিবেদন প্রস্তুত করা হয়।
এর ধারাবাহিকতায় ১৭টি মন্ত্রণালয় ও বিভাগ এবং সেগুলোর অধীন বিভিন্ন অধিদপ্তর, দপ্তর, প্রতিষ্ঠান ও প্রকল্পের ওপর প্রস্তুত মোট ৩৮টি সম্মতি ও কার্যসম্পাদন নিরীক্ষা প্রতিবেদন জাতীয় সংসদে উপস্থাপনের পূর্বে প্রধানমন্ত্রীর নিকট পেশ করা হয়।
এ সময় মহা হিসাব-নিরীক্ষককে সরকারি অর্থ ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, এবং বিভিন্ন প্রকল্পের লক্ষ্য যথাযথভাবে অর্জিত হচ্ছে কি না তা মূল্যায়নের জন্য সম্মতি নিরীক্ষার পাশাপাশি কার্যসম্পাদন নিরীক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
প্রতিবেদন উপস্থাপনের সময় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, অর্থ সচিব খায়েরুজ্জামান মজুমদারসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এম জি