চাঁদপুর ও ফেনী সফরে যাবেন প্রধানমন্ত্রী

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ৬, ২০২৬, ০৫:৫৫ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী জেলা সফর করবেন। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

মন্ত্রী জানান, বর্ষা মৌসুম শুরুর আগে খাল খনন কর্মসূচিকে গুরুত্ব দিয়ে চাঁদপুর ও ফেনীতে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, চাঁদপুর সফরে প্রধানমন্ত্রীর একাধিক কর্মসূচি রয়েছে এবং সেখানে খাল খনন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হবে।

পানিসম্পদ মন্ত্রী আরও বলেন, সরকার আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা গ্রহণ করেছে। ইতোমধ্যে বিভিন্ন জেলায় এই কর্মসূচির উদ্বোধন করা হয়েছে এবং সংশ্লিষ্ট মন্ত্রী ও সংসদ সদস্যরা নিজ নিজ এলাকায় কার্যক্রম এগিয়ে নিচ্ছেন।

তিনি উল্লেখ করেন, বর্ষা ঘনিয়ে আসায় মে মাস পর্যন্ত খাল খনন কার্যক্রম চালু রাখা সম্ভব হবে। এরপর বর্ষা শেষে নভেম্বর থেকে জানুয়ারি সময়কালে পুনরায় এই কর্মসূচি জোরদার করা হবে।

এদিকে, সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে পদ্মা ব্যারেজ প্রকল্পের কারিগরি সমীক্ষা ও সম্ভাব্যতা যাচাই প্রায় সম্পন্ন হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, এ বিষয়ে সরকার শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

এম জি