আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য টানা ৭ দিনের ছুটির অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তবে ঈদের ছুটির ঠিক আগে দুই দিন, অর্থাৎ ২৩ ও ২৪ মে সব সরকারি অফিস যথারীতি খোলা থাকবে।
বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এই দীর্ঘ ছুটির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সরকারি ছুটি থাকবে। তবে এই ছুটির আগে ২৩ মে (শনিবার) ও ২৪ মে (রোববার) অফিস পুরোদমে চালু থাকবে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সাধারণ মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে এবং দাপ্তরিক কাজের সমন্বয় বজায় রাখতেই এই ছুটির সূচি নির্ধারণ করা হয়েছে। দীর্ঘ ছুটির কারণে সরকারি সেবা যেন বিঘ্নিত না হয়, সেদিকে বিশেষ নজর রাখতে বলা হয়েছে।
জেএইচআর