এমপিদের প্রতিশ্রুত কর্মসূচি দ্রুত বাস্তবায়নে সেল গঠন

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ৯, ২০২৬, ১২:৩২ এএম

সংসদ সদস্যদের (এমপি) প্রতিশ্রুত ও প্রত্যাশিত কর্মসূচিগুলো দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন একটি বিশেষ সেল গঠন করা হয়েছে। আন্তঃমন্ত্রণালয় সমন্বয় জোরদার এবং উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (প্রশাসন) শাহরিয়ার জামিল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বৃহস্পতিবার ৭ মে এ তথ্য জানানো হয়।

সাত সদস্যের এই সেলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন অর্থ অথবা পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা। সেলের অন্যান্য সদস্যরা হলেন-প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২, সংশ্লিষ্ট পরিচালক (প্রধানমন্ত্রীর কার্যালয়), অ্যাসাইনমেন্ট অফিসার-১ এবং গবেষণা কর্মকর্তা। এছাড়া প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সেলের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার প্রয়োজনে বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগ থেকে উপযুক্ত জনবল কো-অপ্ট বা সংযুক্ত করা যাবে।

নতুন গঠিত এই সেলের প্রধান কাজ হবে সংসদ সদস্যদের এলাকার উন্নয়নমূলক চাহিদা গ্রহণ এবং সেগুলোর একটি পূর্ণাঙ্গ তথ্যভান্ডার সংরক্ষণ করা। পাশাপাশি প্রাপ্ত কর্মসূচির প্রাথমিক যাচাই-বাছাই, জনস্বার্থের ভিত্তিতে অগ্রাধিকার নির্ধারণ এবং বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরে সুপারিশ করবে সেলটি।

মাঠপর্যায়ে প্রকল্পগুলোর সফল বাস্তবায়ন নিশ্চিত করতে সেলটি নিয়মিত তদারকি, সমন্বয় এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে। একই সঙ্গে কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে সময় সময় কর্তৃপক্ষকে অবহিত করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, জনস্বার্থসংশ্লিষ্ট এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। প্রজ্ঞাপনটি ইতোমধ্যে মন্ত্রিপরিষদ সচিব, সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট সব দপ্তরে জ্ঞাতার্থে ও প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য পাঠানো হয়েছে।

এম জি