২১ তারিখের মধ্যে ঈদ বোনাস পরিশোধের নির্দেশ শ্রমমন্ত্রীর

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ১৪, ২০২৬, ০৬:১৪ পিএম

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২১ মের মধ্যে দেশের সব কারখানায় শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধের নির্দেশ দিয়েছেন আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের মাসিক বেতন পরিশোধ নিশ্চিত করতে মালিকপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) ৯৫তম এবং তৈরি পোশাক খাতবিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের ২৪তম সভায় তিনি এ নির্দেশনা দেন।

আব্দুর রহমান তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন শ্রমমন্ত্রী।

সভায় শ্রমিক নেতারা বলেন, সময়মতো বেতন ও বোনাস পরিশোধ করা হলে শিল্পাঞ্চলে অস্থিরতা বা আন্দোলনের আশঙ্কা থাকবে না। তবে যেসব কারখানায় এখনও বকেয়া বেতন রয়েছে, সেসব প্রতিষ্ঠানের বিষয়ে দ্রুত সরকারি হস্তক্ষেপ কামনা করেন তারা। পাশাপাশি ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ বাস, ট্রেন ও লঞ্চের ব্যবস্থা করার দাবিও জানান শ্রমিক প্রতিনিধিরা।

শ্রমমন্ত্রী বলেন, শ্রমিকদের নিরাপদ ও স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। সড়কে যানজট কমাতে মালিক ও শ্রমিকপক্ষের সমন্বয়ের মাধ্যমে ধাপে ধাপে কারখানায় ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, বেতন-বোনাস পরিশোধ এবং শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, জেলা পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

এম জি