ঈদে নৌপথে শ্রমিকদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ১৪, ২০২৬, ০৬:৪০ পিএম

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে শ্রমিকদের যাতায়াত সহজ ও সাশ্রয়ী করতে দেশের সব নৌরুটে জাহাজ ও লঞ্চের ভাড়া ১০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার ঢাকার সিরড্যাপ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) সভায় এই তথ্য জানানো হয়।

সভায় নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিনিধি জানান, ঈদযাত্রায় শ্রমিকদের বাড়ি ফেরা নির্বিঘ্ন করতে সব রুটে নৌযানের ভাড়া ১০ শতাংশ কমানো হবে। সড়কে অতিরিক্ত চাপ ও যানজট কমাতে মালিক ও শ্রমিক পক্ষের সমঝোতার ভিত্তিতে পর্যায়ক্রমে পোশাক কারখানাগুলো ছুটি দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে সভায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরিফুল হক চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন আব্দুর রহমান তরফদার। শ্রমমন্ত্রী আগামী ২১ মে’র মধ্যে দেশের সব শিল্প কারখানায় শ্রমিকদের ঈদ বোনাস এবং নির্ধারিত সময়ের মধ্যে মাসিক বেতন পরিশোধের কঠোর নির্দেশ দেন। তিনি বলেন, শ্রমিকদের ঈদযাত্রা নিরাপদ করতে সরকার বদ্ধপরিকর।

শ্রমিক নেতারা জানান, সময়মতো বেতন-বোনাস পরিশোধ করা হলে শিল্পাঞ্চলে কোনো অস্থিরতা তৈরি হবে না। তবে যেসব কারখানায় বকেয়া রয়েছে, সেখানে দ্রুত সরকারি হস্তক্ষেপের দাবি জানান তারা। একই সাথে শ্রমিকদের জন্য বিশেষ বাস, ট্রেন ও লঞ্চের ব্যবস্থা করার আহ্বানও জানানো হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি জানান, ঈদ ঘিরে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। স্থানীয় প্রশাসন ও জেলা পুলিশকেও এ বিষয়ে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান, জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনসহ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জেএইচআর