ট্রেনে ফিরতি ঈদযাত্রায় ২ জুনের টিকিট বিক্রি শুরু

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ২৩, ২০২৬, ০৮:০৪ এএম

ঈদুল আজহার ছুটি শেষে ঘরমুখো মানুষের কর্মস্থলে ফেরাকে সামনে রেখে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ শনিবার বিক্রি হচ্ছে আগামী ২ জুনের যাত্রার টিকিট।

রেলওয়ে সূত্রে জানা গেছে, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে। আর পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়।

ফিরতি যাত্রার টিকিট বিক্রির ধারাবাহিকতায় এর আগে ৩১ মে ও ১ জুনের টিকিট বিক্রি করা হয়েছে। আগামী ২৪ মে বিক্রি হবে ৩ জুনের টিকিট এবং ২৫ মে পাওয়া যাবে ৪ জুনের টিকিট।

রেলওয়ের নিয়ম অনুযায়ী, একজন যাত্রী সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। তবে একাধিক টিকিট সংগ্রহ করলে অন্য যাত্রীদের নামও উল্লেখ করতে হবে।

এর আগে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয় গত ১৩ মে। সেদিন ২৩ মে ভ্রমণের টিকিট দেওয়া হয়। পরে পর্যায়ক্রমে ২৪ থেকে ২৭ মে পর্যন্ত যাত্রার টিকিটও বিক্রি সম্পন্ন হয়েছে।

এএন