সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে “গাজীপুরে প্রধানমন্ত্রীর দরবারে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ৩ আনসার সদস্য গ্রেপ্তার” শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া হয়েছে।
বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, প্রতিবেদনে যাদের “আনসার সদস্য” হিসেবে উল্লেখ করা হয়েছে, তারা মূলত স্বেচ্ছাসেবী গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি)-এর সদস্য। তারা কোনোভাবেই মাননীয় প্রধানমন্ত্রীর দরবার কর্মসূচিতে অংশগ্রহণকারী অনুমোদিত জনবলের অন্তর্ভুক্ত ছিলেন না।
বাহিনী জানায়, প্রধানমন্ত্রীর দরবারে অংশগ্রহণের ক্ষেত্রে কঠোর নিরাপত্তা যাচাই (সিকিউরিটি ক্লিয়ারেন্স) ও নির্ধারিত অনুমোদন প্রক্রিয়া অনুসরণ করা হয়। শুধুমাত্র যথাযথ নিরাপত্তা ছাড়পত্রপ্রাপ্ত সদস্যদেরই সেখানে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। সংশ্লিষ্ট তিন ব্যক্তি ওই দরবারে অংশগ্রহণের জন্য অনুমোদিত ছিলেন না এবং কোনো কর্মসূচিতেই তাদের প্রবেশ বা অংশগ্রহণের অনুমতি ছিল না।
এতে আরও বলা হয়, গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অনুষ্ঠানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সদস্যদের সার্বক্ষণিক নজরদারির আওতায় রাখা হয়। পরবর্তীতে অনুসন্ধানে অভ্যন্তরীণ শৃঙ্খলা ও প্রশিক্ষণ পরিবেশ বিঘ্নিত করার সুনির্দিষ্ট অভিযোগে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
স্পষ্ট করে জানানো হয়, দরবার অনুষ্ঠানে সরাসরি কোনো বিশৃঙ্খলার অভিযোগে নয়; বরং ব্যারাকে অবস্থানকালে অভ্যন্তরীণ শৃঙ্খলা ও বাহিনী পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
বাহিনী আরও জানায়, আনসার ও ভিডিপির ৪৬তম জাতীয় সমাবেশে মাননীয় প্রধানমন্ত্রীর দরবার অত্যন্ত সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা যথাযথ নিরাপত্তা প্রটোকল অনুসরণ করে অংশ নেন এবং তাদের যৌক্তিক দাবিদাওয়াও নিয়মতান্ত্রিকভাবে উপস্থাপন করা হয়।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একটি শৃঙ্খলাবদ্ধ ও রাষ্ট্রনিষ্ঠ বাহিনী হিসেবে আইনশৃঙ্খলা, জাতীয় নিরাপত্তা ও অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় অঙ্গীকারবদ্ধ বলে জানানো হয়েছে।
এএন