প্রতিমন্ত্রী আমিনুল

কালশীর আগুন নাশকতা কি না তদন্ত হচ্ছে

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ২৬, ২০২৬, ০২:১৯ এএম

রাজধানীর কালশীর বাউনিয়ানা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। পাশাপাশি আগুনের ঘটনায় নাশকতার কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

সোমবার (২৫ মে) রাতে অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি জানান, বস্তির ভেতরে কয়েকটি দোকান থাকায় এবং প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিস দ্রুত কাজ শুরু করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

আমিনুল হক বলেন, ক্ষতিগ্রস্তদের জন্য সরকারের পক্ষ থেকে প্রায় ১০ লাখ টাকার তহবিল বরাদ্দ দেওয়া হয়েছে। এই অর্থ দিয়ে খাবারসহ জরুরি সহায়তা প্রদান করা হবে। পাশাপাশি পুনর্বাসনের বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত মানুষগুলো রাত কাটাবে কীভাবে, সেটিকে সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। পুনর্বাসন সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের সার্বিক খোঁজখবর রাখা হবে।

আগুনের ঘটনায় নাশকতার সম্ভাবনার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, এ নিয়ে সন্দেহ রয়েছে এবং বিষয়টি তদন্তাধীন। পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং একটি ভিডিও পাওয়া গেছে, যেখানে এক ব্যক্তির বিরুদ্ধে আগুন লাগানোর অভিযোগ উঠেছে।

তিনি জানান, কিছুদিন আগে ওই এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছিল। সেই ঘটনার সঙ্গে অগ্নিকাণ্ডের কোনো সম্পর্ক আছে কি না, সেটিও তদন্তে খতিয়ে দেখা হবে।

ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, তালিকা তৈরি করে তাদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

এম জি