অর্থমন্ত্রী

অর্থনীতির ভিত্তি শক্তিশালী করতে কাজ করছে সরকার

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ৩, ২০২৬, ০২:২০ পিএম

অর্থনীতির ভিত্তি আরও শক্তিশালী করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, আগামী অর্থবছরের জাতীয় বাজেট প্রণয়নে দেশের সব শ্রেণি-পেশার মানুষের স্বার্থ ও প্রয়োজনকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাজেট-সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, দীর্ঘমেয়াদে দেশের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারের পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সেই লক্ষ্য সামনে রেখে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা ও অর্থনৈতিক কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।

চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে বিএনপি সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। সেখানে প্রায় ৯ লাখ ৩০ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপনের প্রস্তুতি চলছে। সরকারের প্রত্যাশা, নতুন বাজেট অর্থনীতির পুনরুদ্ধার এবং প্রবৃদ্ধির গতি বাড়াতে সহায়ক হবে।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অতীতে অনিয়ম, দুর্নীতি ও দুর্বল অর্থনৈতিক ব্যবস্থাপনার কারণে দেশের অর্থনীতি বিভিন্ন সংকটে পড়েছিল। বর্তমান সরকার সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে অর্থনীতিকে স্থিতিশীল ও গতিশীল করার লক্ষ্যে কাজ করছে।

তিনি আরও বলেন, ঋণনির্ভর অর্থনৈতিক কাঠামোর পরিবর্তে বিনিয়োগনির্ভর অর্থনীতি গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি এবং উৎপাদনমুখী খাতগুলোকে আরও সহায়তা দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, অর্থনৈতিক উন্নয়নের সুফল যাতে সমাজের প্রতিটি স্তরের মানুষের কাছে পৌঁছে যায়, সেটিই সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার।

এম জি