চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাওয়ায় তীব্র গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এ অবস্থায় গরমের প্রভাব থেকে মানুষকে কিছুটা স্বস্তি দিতে পাশে দাঁড়িয়েছে চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্ট সোসাইটি।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জেলা শহরের বড় বাজার চৌরাস্তা মোড়ে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও ছাতা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার।
পরে শহরের পথচারী, ফুটপাতের দোকানদার, ভ্যান ও রিকশাচালক এবং ট্রাফিক পুলিশের সদস্যদের মাঝে ছাতা, স্যালাইন ও পানি বিতরণ করা হয়। একই কর্মসূচি শহরের কোর্ট মোড় ও সদর হাসপাতাল এলাকাতেও পরিচালিত হয়। আয়োজকরা জানিয়েছেন, এই কার্যক্রম সপ্তাহব্যাপী চলবে।
জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, প্রচণ্ড গরমে বিশেষ করে পথচারী, শ্রমজীবী মানুষ, শিক্ষার্থী ও বয়স্কদের পর্যাপ্ত বিশুদ্ধ পানি ও স্যালাইন গ্রহণ করা প্রয়োজন, যাতে হিটস্ট্রোক ও পানিশূন্যতার ঝুঁকি কমে আসে। তিনি অপ্রয়োজনে রোদে বের না হওয়ার আহ্বান জানান এবং জনসচেতনতা বৃদ্ধিতে সবাইকে এগিয়ে আসার অনুরোধ করেন। তিনি রেড ক্রিসেন্টের এ উদ্যোগের প্রশংসা করেন।
রেড ক্রিসেন্ট সোসাইটির যুব প্রধান হাবিবুর রহমান বলেন, তীব্র গরম ও তাপপ্রবাহের কারণে এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। পথচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে স্যালাইন, পানি, ছাতা ও হাতপাখা বিতরণ করা হচ্ছে। পাশাপাশি সচেতনতামূলক মাইকিংও করা হচ্ছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার, সার্কেল অ্যাডমিনিস্ট্রেটর আব্দুল্লাহ আল শামীম, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস, রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি হামিদুর রহমান, কার্যনির্বাহী কমিটির সদস্য সেলিমুল হাবিব সেলিম, সিরাজুল ইসলাম মনি এবং অন্যান্য স্বেচ্ছাসেবকরা।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে চুয়াডাঙ্গা জেলায় মাঝারি তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। প্রতিদিনই তাপমাত্রা প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকায় জ্যৈষ্ঠের খরতাপে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে।
এম জি