সংসদ ও জনগণের মধ্যে সেতুবন্ধনের কাজ করেন সাংবাদিকরা

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ৪, ২০২৬, ০৪:৩৩ পিএম

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, সাংবাদিকরা জনগণ ও সংসদের মধ্যে গুরুত্বপূর্ণ সেতুবন্ধনের ভূমিকা পালন করেন। গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং দেশের উন্নয়নকে এগিয়ে নিতে সাংবাদিক ও সংসদকে একসঙ্গে কাজ করতে হবে।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের স্পিকারের সম্মেলন কক্ষে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ) এর কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মতবিনিময়ে বিপিজেএ সভাপতি হারুন জামিল ও সাধারণ সম্পাদক শওকত আলী খান লিথোর নেতৃত্বে প্রতিনিধি দলে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক, দপ্তর সম্পাদক, নির্বাহী সদস্যসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্পিকার বলেন, বর্তমান সংসদকে ঘিরে জনগণের প্রত্যাশা অনেক বেশি। দীর্ঘদিনের অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে বর্তমান সংসদ প্রতিষ্ঠিত হয়েছে, তাই জনগণের প্রত্যাশা পূরণে সংসদকে কার্যকর ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, জনগণের সঙ্গে সংসদের ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা জরুরি। গণবান্ধব রাজনীতির বিকাশে সাংবাদিকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

সাংবাদিকতার স্বাধীনতা প্রসঙ্গে স্পিকার বলেন, অতীতের কিছু রাজনৈতিক সিদ্ধান্তের কারণে গণমাধ্যম ক্ষতিগ্রস্ত হয়েছিল, তবে বর্তমানে সাংবাদিকরা তুলনামূলকভাবে স্বাধীনভাবে কাজ করতে পারছেন।

স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের বাস্তবতা নিয়ে তিনি বলেন, ১৯৭১ সালের স্বাধীনতার স্বপ্ন পুরোপুরি বাস্তবায়িত হয়নি। অতীতে গুম, নির্যাতন, দুর্নীতি ও অর্থনৈতিক অনিয়মের অভিযোগ রয়েছে, যা জনগণের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক।

তিনি বলেন, জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে। তবে সংসদ যদি জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়, তাহলে হতাশা তৈরি হতে পারে।

স্পিকার আরও বলেন, দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। সরকারি ও বিরোধী দল উভয়কেই দায়িত্বশীল ভূমিকা পালন করে সংসদকে কার্যকর ও গতিশীল করতে হবে।

গণমাধ্যমের ভূমিকা নিয়ে তিনি বলেন, সাংবাদিকদের উচিত সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা হিসেবে উপস্থাপন করা। সংসদকে জবাবদিহিমূলক ও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে গণমাধ্যমের গঠনমূলক ভূমিকা গুরুত্বপূর্ণ।

মতবিনিময় শেষে সাংবাদিকদের বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার বিষয় তুলে ধরলে স্পিকার সেগুলো সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

এম জি