পুশইন প্রতিরোধ ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে দেশের সীমান্তবর্তী এলাকায় টহল ও নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শুক্রবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ডের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক টহল ও নজরদারি কার্যক্রম বাড়ানো হয়েছে। এখন পর্যন্ত বাংলাদেশ-ভারত সীমান্তসংলগ্ন এলাকায় কোনো পুশইনের ঘটনা ঘটেনি।
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় কোস্ট গার্ড অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে কাজ করছে। সুন্দরবনসহ সীমান্তসংলগ্ন অঞ্চলে গোয়েন্দা নজরদারি, ড্রোন সার্ভেইল্যান্স এবং আধুনিক প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণ ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে।
সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, পুশইন-সংক্রান্ত যেকোনো তথ্য দ্রুত কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১ এ জানাতে হবে, যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।
এম জি