তথ্য উপদেষ্টা

৬৫ শতাংশ গ্রাহকের বিদ্যুতের দাম বাড়ছে না

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ৬, ২০২৬, ১২:১৯ পিএম
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ছবি: সংগৃহীত

বিদ্যুৎ খাতে নতুন করে মূল্য সমন্বয় করা হলেও দেশের প্রায় ৬৫ শতাংশ গ্রাহকের জন্য বিদ্যুতের দাম বাড়ছে না।

শনিবার সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তথ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) শুনানির মাধ্যমে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। তবে সরকারের বিশেষ সিদ্ধান্ত অনুযায়ী বিশাল সংখ্যক সাধারণ গ্রাহকের ক্ষেত্রে আগের দামই বহাল থাকবে।

তিনি বলেন, বিদ্যুৎ খাতের বর্তমান আর্থিক পরিস্থিতি এবং ভর্তুকির চাপ বিবেচনা করে কিছু স্তরে মূল্য সমন্বয় করা হয়েছে। তবে সাধারণ মানুষের জীবনযাত্রায় যেন অতিরিক্ত চাপ না পড়ে, সে বিষয়টিকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

তথ্য উপদেষ্টা আরও জানান, বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ খাতের ক্রমবর্ধমান ব্যয় সামাল দিতে আসন্ন বাজেটে সরকারকে প্রায় ৪১ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে।

এই বিশাল ভর্তুকির বোঝা দীর্ঘ মেয়াদে কমিয়ে বিদ্যুৎ খাতকে টেকসই করার লক্ষ্যেই মূল্য সমন্বয়ের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সাথে প্রান্তিক ও স্বল্প আয়ের মানুষের ক্রয়ক্ষমতার বিষয়টিও সরকার বিবেচনায় রেখেছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, অল্প আয়ের মানুষের কথা চিন্তা করে জ্বালানি তেলের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত পণ্য ডিজেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।

এ সময় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, বিগত সরকারের সময়কার দুর্নীতি ও মানি লন্ডারিংসহ নানা অপরাধের বোঝা বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে।

মন্ত্রী বলেন, দুর্নীতির চক্র থেকে দেশকে বের করে আনার পাশাপাশি রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা প্রতিষ্ঠায় কাজ করছে সরকার। আগের সরকারগুলো উৎপাদনমুখী নীতি গ্রহণ না করে আমদানি নির্ভর নীতিকে বেশি গুরুত্ব দেওয়ায় আজ বিদ্যুৎ ও জ্বালানি খাতে এই সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে।

এএন