স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলামী ব্যাংক, মির্জা ফখরুল ও জামায়াত-কেউ ইসলাম নয়

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ৯, ২০২৬, ০৮:০৪ পিএম

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগ এবং ব্যাংকটির বর্তমান পরিস্থিতি নিয়ে সংসদে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। এ ইস্যুতে তোপের মুখে পড়েন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (৯ জুন) সংসদ অধিবেশনে ইসলামী ব্যাংকের মালিকানা ও ব্যবস্থাপনা নিয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্যের জবাবে মন্ত্রী বলেন, ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, আবার জামায়াতে ইসলামও ইসলাম নয়। সব বিষয়ে ইসলামের দোহাই দেওয়া সমীচীন নয়।

ব্যাংকটির চলমান পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, বৈধ গ্রাহকদের কোনো সমস্যা হবে না এবং নিয়ম অনুযায়ী তাদের স্বার্থ সুরক্ষিত থাকবে। তবে তিনি অভিযোগ করেন, পর্দার আড়ালে থেকে ব্যাংক ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, ব্যাংকের চেয়ারম্যান ও পর্ষদ পরিবর্তনের বিষয়ে বাংলাদেশ ব্যাংক আইন অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারে। এতে আপত্তি থাকলে আইন পরিবর্তনের প্রস্তাব আনা উচিত।

নিয়ম বহির্ভূতভাবে ৯ হাজার কর্মীকে চাকরিচ্যুত করার বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে বলে ইঙ্গিত দেন স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি নাবিল গ্রুপসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ঋণ অনিয়মের বিষয়েও তদন্তের কথা জানান তিনি।

এর আগে সংসদ সদস্য আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, এস আলম গ্রুপ ২৬টি ভুয়া কোম্পানির মাধ্যমে ইসলামী ব্যাংক থেকে প্রায় ১ লাখ ২৫ হাজার কোটি টাকা সরিয়েছে এবং বর্তমানে আবারও বিতর্কিত নিয়োগের মাধ্যমে ব্যাংকটিকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে।

উল্লেখ্য, গত ২৪ মে অধ্যাপক এম জুবায়দুর রহমানের পদত্যাগের পর বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলম ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। এরপর থেকেই ব্যাংকটির গ্রাহক ও শেয়ারহোল্ডারদের মধ্যে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ক্ষোভ দেখা দিয়েছে।

এম জি