আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ২, ২০২৬, ১২:৩৯ পিএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ঘোষিত বছরব্যাপী ‘নজরুল বর্ষ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নজরুলের সাহিত্য, সংগীত ও চিন্তাধারাকে দেশ-বিদেশে আরও বিস্তৃতভাবে তুলে ধরতে হবে এবং এ উপলক্ষে নেওয়া কর্মসূচিতে দেশের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’-এর উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসামান্য সাহিত্যকর্ম, সংগীত, মানবতাবাদী দর্শন এবং সাম্যের বাণী নতুন প্রজন্মের কাছে আরও ব্যাপকভাবে পৌঁছে দিতে হবে। একই সঙ্গে আন্তর্জাতিক পরিসরেও নজরুলকে আরও বেশি পরিচিত করে তুলতে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, বছরব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জেলা, উপজেলা এবং দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন। এতে নজরুলচর্চা যেমন আরও বিস্তৃত হবে, তেমনি নতুন প্রজন্ম জাতীয় কবির আদর্শ ও সৃষ্টির সঙ্গে আরও নিবিড়ভাবে পরিচিত হওয়ার সুযোগ পাবে।

সরকার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে এক বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ পালনের ঘোষণা দিয়েছে। এ কর্মসূচির মেয়াদ চলতি বছরের ২৫ মে থেকে আগামী বছরের ২৫ মে পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এ সময়জুড়ে দেশব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক, সাহিত্যিক ও শিক্ষামূলক আয়োজনের মাধ্যমে নজরুলের জীবন, কর্ম ও দর্শন তুলে ধরা হবে।

এএন