বাংলাদেশের বন্যা ও ভূমিধস নিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক প্রকাশ

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ০৫:২৫ পিএম

বাংলাদেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে চলমান বন্যা এবং ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সংহতি প্রকাশের পাশাপাশি উদ্ধার ও ত্রাণকাজে নিয়োজিতদের ভূয়সী প্রশংসাও করেছেন তিনি।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসহাক দার বলেন, বাংলাদেশের ভয়াবহ বন্যা ও ভূমিধসের খবর তাকে গভীরভাবে মর্মাহত করেছে। দুর্যোগে যারা স্বজন হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান তিনি। একই সঙ্গে বাস্তুচ্যুত ও ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রার্থনার কথাও উল্লেখ করেন।

পোস্টে তিনি উদ্ধারকাজে নিয়োজিত উদ্ধারকর্মী, সশস্ত্র বাহিনীর সদস্য, চিকিৎসক ও চিকিৎসা দল এবং ত্রাণকর্মীদের সাহসিকতা ও নিষ্ঠার প্রশংসা করেন। তিনি বলেন, সংকটময় এই সময়ে তারা নিরলসভাবে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছেন।

ইসহাক দার আরও বলেন, পাকিস্তান সরকার ও জনগণ বাংলাদেশের সরকার এবং জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করছে। একই সঙ্গে চলমান উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হোক এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত সবাই নিরাপদ থাকুক- এ কামনাও করেন তিনি।

এদিকে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের সাতটি জেলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্যোগের কবলে পড়া জেলাগুলো হলো খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার এবং হবিগঞ্জ।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ সাত জেলায় বন্যা ও পাহাড়ি ঢলে মোট ১০ লাখ ২২ হাজার ৯৬৩ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

এ ছাড়া শনিবার পর্যন্ত বন্যা ও পাহাড়ধসে দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে মোট ৪৪ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

এএন