বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম মারা গেছেন

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২২, ১১:২৮ পিএম

সাবেক উপপ্রধানমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)।

বুধবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় গুলশানে নিজ বাসায় ৮৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি।

এদিন রাত ১০টার দিকে এ তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

শাহ মোয়াজ্জেম হোসেন ১৯৩৯ সালের ১০ জানুয়ারি মুন্সীগঞ্জ জেলার দোগাছি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছয় দফা আন্দোলন, ভাষা আন্দোলন এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সব রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন।

ঢাকা কলেজ ছাত্র সংসদে নির্বাচিত সাধারণ সম্পাদক শাহ মোয়াজ্জেম হোসেন তখনকার পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও তিনবার সভাপতির দায়িত্ব পালন করে এদেশে অনেক প্রথিতযশা রাজনীতিক তৈরি করেছেন।

১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন ঢাকা-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৭২ সালে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি খন্দকার মোশতাক আহমেদের মন্ত্রিসভার একজন সদস্য ছিলেন। এরপর তিনি হুসেইন মুহাম্মাদ এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টিতে যোগদান করেন। কিন্তু তাকে ১৯৯২ সালে দল থেকে বহিষ্কার করা হয়। তারপর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দেন। তিনি দলটির ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।

মৃত্যুকালে শাহ মোয়াজ্জেম হোসেন এক ছেলে ও এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার স্ত্রী ২০০৯ সালে ইন্তেকাল করেছেন।

জানাজার বিষয়ে দলের এবং পরিবারের পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১ টায়  নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে, বাদ জহুর মুন্সিগঞ্জ শ্রীনগর উপজেলা স্টেডিয়াম এবং সর্বশেষ বাদ এশা গুলশান আজাদ মসজিদ নামাজের জানাজা শেষে বনানী কবর স্হানে দাফন সম্পূর্ণ করা হবে

 

ইএফ