বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবিহ উদ্দিন মারা গেছেন

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২২, ১০:৫৯ এএম

সাবেক সচিব ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাবিহ উদ্দিন আহমেদ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (৩১ অক্টোবর) সকাল ৭টা ৪০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৭৬ বছর। সাবিহ উদ্দিন স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে, দীর্ঘদিনের সহকর্মীর মৃত্যুর খবর পেয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য নেতারা ইউনাইটেড হাসপাতালে ছুটে যান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এসব তথ্য জানান। তিনি বলেন, সাবিহ উদ্দিন আহমেদের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাবিহ উদ্দিনের জানাজা কোথায় ও কখন হবে, তা পরে জানানো হবে বলেও জানান তিনি।

মরহুম সাবিহ উদ্দিন আহমেদ ১৯৯১ সালে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকারের সময় প্রধানমন্ত্রীর একান্ত সচিব, ২০০১ সাল বিএনপি সরকার সময় বন ও পরিবেশ মন্ত্রণালয় সচিব এবং যুক্তরাজ্য হাইকমিশনার ছিলেন। 

সরকারি চাকুরি থেকে অবসরের পর তিনি বিএনপি রাজনীতিতে যুক্ত হয়েছেন। মৃত্যুর দিন পর্যন্ত বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য ছিলেন।

টিএইচ