আগামীকাল মঙ্গলবার,৭ নভেম্বর। ঘটনাবহুল এই দিনটিকে সারা দেশে ‘মুক্তিযোদ্ধা হত্যা দিবস’ হিসেবে পালন করবে আওয়ামী লীগ। এ উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আলোচনা সভার আয়োজন করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।
এদিন বিকাল ৩টার অনুষ্ঠেয় সভায় বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা। সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী। সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।
সোমবার (৬ নভেম্বর) দলটির ঢাকা মহানগর দক্ষিণের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) থেকেও সভা আয়োজনের অনুমতি দেয়া হয়েছে।
এছাড়া আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলোও সারা দেশে ৭ নভেম্বরকে ‘মুক্তিযোদ্ধা হত্যা দিবস’ হিসেবে পালন করবে। এরমধ্যে আলোচনা সভা ছাড়াও বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচীও পালন করা হবে।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর রাজনৈতিক উত্থান-পতনের ঘটনা ঘটে। বিএনপি ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে আসছে। তবে এ দিনটিকে জাসদ ‘সিপাহী-জনতার অভ্যুত্থান দিবস’ হিসেবে পালন করে।
আরএস