রুমিন ফারহানা

পাঞ্জাবি পরা একজন আমাকে প্রথমে ধাক্কা দিয়েছেন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৫, ০৮:০২ পিএম

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা সংসদীয় আসনের সীমানা নিয়ে দাবি-আপত্তির শুনানিকালে ঘটে যাওয়া হাতাহাতির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, “যেই বিএনপি নেতাকর্মীদের জন্য গত ১৫ বছর লড়াই করেছি, তারা আমাকে এখন ধাক্কা দেয়। ঠিক আছে, ধাক্কার বদলে ধাক্কাই আসবেই, তাই না? সেটাই হয়েছে।”

রুমিন ফারহানা অভিযোগ করেন, “পাঞ্জাবি পরা একজন আমাকে প্রথমে ধাক্কা দিয়েছেন।”

রোববার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে শুনানি শেষে সাংবাদিকদের তিনি এসব অভিযোগ জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সীমানা নির্ধারণ সংক্রান্ত ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের দাবি-আপত্তির শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ও অন্যান্য কমিশনার উপস্থিত ছিলেন।

শুনানি শেষে তিনি বলেন, “আমি যেহেতু আইনজীবী, তাই আমার কেস নিজেই প্রেজেন্ট করেছি। আশা করেছিলাম নির্বাচন কমিশনের সম্মানের প্রতি যারা ব্রাহ্মণবাড়িয়া-৩ থেকে এসেছেন, তারা গুন্ডা-পান্ডা নিয়ে আসবেন না। কিন্তু দেখলাম, প্রার্থী তার দলবল ২০/২৫ জন নিয়ে গুন্ডা-পান্ডার মতো আচরণ করেছেন। এটি অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক এবং কমিশনের ভাবমূর্তি ও গাম্ভীর্যের সঙ্গে যায় না।”

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “উনি খুব পরিচিত কোনো মুখ নন; এনসিপি বা জামায়াত থেকে এসেছেন কিনা আমি জানি না। তবে প্রথমে পাঞ্জাবি পরা একজন আমাকে ধাক্কা দিয়েছেন। তারপরে আমার লোক তো বসে থাকবেন না। আমি একজন মহিলা।”

এর আগে দুপুর ১২টায় ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের সীমানা আপত্তি শুনানির একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে অংশগ্রহণকারীরা মারামারিতে জড়িয়ে পড়েন। পরবর্তী সময়ে ইসি কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

প্রথমদিনে কুমিল্লা অঞ্চলের দাবি-আপত্তিগুলোর শুনানি গ্রহণ করা হবে। ইসি সূত্রে জানা যায়, সূচি অনুযায়ী রোববার দুপুর ১২টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া-২, ৩ ও ৫; আড়াইটা থেকে ৩:৩০ পর্যন্ত কুমিল্লা-৬, ৯, ১০ ও ১১; ৩:৩০ থেকে ৫টা পর্যন্ত নোয়াখালী-১, ২, ৪ ও ৫, চাঁদপুর-২ ও ৩, ফেনী-৩, লক্ষ্মীপুর-২ ও ৩ আসনের শুনানি অনুষ্ঠিত হবে। বুধবার পর্যন্ত এই শুনানি চলবে।

ইএইচ