ফজলুর রহমান

জামায়াতের সঙ্গে ড. ইউনূসের রাতের যোগাযোগ আছে

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৫, ০৫:১৬ পিএম

বিএনপির স্থগিত নেতা ও সাবেক সংসদ সদস্য ফজলুর রহমান অভিযোগ করেছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মূলত ড. মুহাম্মদ ইউনূসের দল এবং এটি জামায়াতের সঙ্গে সরাসরি সংযুক্ত। তার দাবি, দেশে প্রকৃতপক্ষে জামায়াতই প্রভাব বিস্তার করছে ও দেশ পরিচালনা করছে।

সম্প্রতি বিএনপি থেকে তিন মাসের জন্য চেয়ারপারসনের উপদেষ্টা পদে স্থগিত হওয়া ফজলুর রহমান একান্ত সাক্ষাৎকারে বলেন, “ড. ইউনূসের অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে বলে আমি বিশ্বাস করি না। এনসিপি তার দল ও জামায়াতের সঙ্গে ‘রাতের যোগাযোগ’ রাখে। প্র্যাক্টিক্যালি জামায়াতই দেশ চালাচ্ছে।”

তিনি সাবেক মন্ত্রী ও মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকীর গ্রেপ্তার প্রসঙ্গে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। বলেন, “মুক্তিযুদ্ধে লতিফ সিদ্দিকীর অবদান অপরিসীম। ৮৭ বছরের একজন বীর মুক্তিযোদ্ধাকে আটক করা হলো, সভা ভেঙে দেওয়া হলো। এটি অপমানজনক। যারা এ কাজ করেছে, তারা ইতিহাসের পরিণাম বোঝে না। তাদের পেছনে রয়েছে একটি কালো শক্তি, যারা দেশ দখলের চক্রান্তে লিপ্ত।”

ফজলুর রহমান আরও বলেন, “দেশ কার্যত পূর্ব পাকিস্তান হয়ে গেছে। স্বাধীনতাবিরোধী শক্তির হাতে বন্দি। মুক্তিযুদ্ধ বা স্বাধীনতার সংগ্রামের কথা ভবিষ্যতে বলা যাবে কি না সন্দেহ আছে। মুক্তচিন্তাও এখানে দমিয়ে দেওয়া হচ্ছে।”

নিজের স্থগিত পদ প্রসঙ্গে তিনি জানান, “আমি এখনও বিএনপিতেই আছি। তিন মাস পরে চাইলে তারা আমাকে নেবে। তবে বিএনপির উচিত এখনই রাজনৈতিক প্রতিরোধ গড়ে তোলা। লতিফ সিদ্দিকীসহ যারা আটক হয়েছেন, তাদের মুক্তির জন্য কঠোর অবস্থান গ্রহণ করা জরুরি।”

ফজলুর রহমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিরপেক্ষ ব্যক্তি হিসেবে দাবি করা যায় না বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, “ড. ইউনূসের একটি সন্তানসুলভ দল আছে, যাদেরকে তিনি সুবিধা দেন। ফলে তার অধীনে কোনো নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। গত এক বছরে প্রমাণ হয়েছে, তিনি কোনোভাবেই পক্ষপাতমুক্ত নন।”

জামায়াতের প্রভাবের বিষয়ে তিনি বলেন, “সমস্ত ব্যাংক, অর্থনীতি, ইসলামী ব্যাংক থেকে শেয়ার বাজার পর্যন্ত তারা নিয়ন্ত্রণ করছে। প্রশাসনের বিভিন্ন পদে পরিবর্তন হচ্ছে তাদের প্রভাবেই। এসপি-ডিসি থেকে সচিব পর্যায় পর্যন্ত জামায়াতের প্রভাব বিস্তার করছে। বিএনপি যত দ্রুত এ বিষয়ে সচেতন হবে, ততই দেশের জন্য মঙ্গল।”

তিনি দেশের মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান। বলেন, “মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সঙ্গে একাত্ম হয়ে এই অশুভ শক্তিকে প্রতিহত করতে হবে।”

ইএইচ