গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর সাম্প্রতিক হামলায় সরাসরি সেনা ও পুলিশ জড়িত থাকার অভিযোগের প্রেক্ষিতে এবং ঘটনার চারদিন পার হলেও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছে দলটির নেতৃবৃন্দ।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে গণঅধিকার পরিষদের নেতা আবু হানিফ এসব কথা বলেন।
তিনি অভিযোগ করেন, ডিএমপি তদন্ত কমিটি গঠন করা হবে জানালেও চার দিন পার হওয়া সত্ত্বেও কোনো কমিটি এখনও গঠন হয়নি। তিনি প্রশ্ন তোলেন, হামলাকারীদের রক্ষায় সরকার কার চাপের মুখে নীরব রয়েছে।
আবু হানিফ আরও বলেন, গণমাধ্যমে হামলার দৃশ্য প্রকাশ পেলেও সেনাবাহিনী থেকে কোনো দুঃখপ্রকাশ বা আশ্বাস পাওয়া যায়নি। তিনি বলেন, আমরা স্বাধীনতার জন্য রক্ত দিয়েছি, জেল খেটেছি, নির্যাতন সহ্য করেছি, অথচ সেই বিপ্লবীদের ওপরই সেনা ও পুলিশ হামলা চালিয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগকে মাঠে ফিরিয়ে আনার চেষ্টা চলছে এবং গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।
বক্তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের পাশাপাশি হামলায় জড়িত সেনা সদস্যদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া এবং ব্রিগেডিয়ার জামসের বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের দাবি করেন।
আবু হানিফ ঘোষণা দেন, আগামীকাল সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। গণঅধিকার পরিষদের তিন দফা দাবি হলো— নুরুল হক নূরের ওপর হামলাকারীদের বিচারের মুখোমুখি করা, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, যে কারণে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, ঠিক একই কারণে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করা।
ইএইচ