রাজধানীর ধানমন্ডিতে সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেছে ‘নিষিদ্ধ’ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ।
শনিবার রাত ৮টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর রোডের রাপা প্লাজার সামনে থেকে ৩২ নম্বর সড়কের দিকে মিছিল হয়েছে। এ ঘটনায় পরে দুজনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ।
রাপা প্লাজার সামনে হকার আব্দুস সালাম বলেন, হঠাৎ ‘কয়েকশ লোক’ রাপা প্লাজার সামনে মিছিল শুরু করে। তারা জয় বাংলা ও শেখ হাসিনার নামে স্লোগান দেন। সরকারের বিরুদ্ধেও তারা স্লোগান দেন।
ডিএমপির রমনা বিভাগের উপ কমিশনার মাসুদ আলম বলেন, “ধানমন্ডি ২৭ নম্বরের দিকে একটা মিছিল হয়েছিল। পুলিশের তৎপরতায় মিছিলটি বেশিদূর যেতে পারেনি। দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ইএইচ