জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন,আমরা শেখ হাসিনা নয়, আবার কোনো নতুন স্বৈরাচারও দেখতে চাই না।
মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জে এক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, বাংলাদেশের জনগণ ২০২৪ সালের আগস্টে যে গণআন্দোলনের মধ্য দিয়ে রাজনৈতিক পরিবর্তন এনেছে, সেটি জনগণের জাগরণের ফসল। কেউ সেই পরিবর্তনকে প্রশ্নবিদ্ধ করতে পারবে না।
তিনি আরও সতর্ক করে বলেন, যাঁরা ভাবছেন আওয়ামী লীগ আবার ফিরে আসবে, তাঁরা ভুল করছেন। অতীতের মতো পরিণতি তাঁদেরও অপেক্ষা করছে, যদি জনগণের ইচ্ছাকে অমান্য করার চেষ্টা করেন।
ভবিষ্যতের রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, আমরা শেখ হাসিনা নয়, আবার কোনো নতুন স্বৈরাচারও দেখতে চাই না। যে কোনো ফ্যাসিস্ট রাজনীতির পুনরাবৃত্তি ঠেকাতে এনসিপি কাজ করছে। আর আওয়ামী লীগের ফিরে আসা মানেই অভ্যুত্থান বা আন্দোলনের গল্প পুনরায় সাজানো এধারণা সম্পূর্ণ ভুল। বাংলাদেশের জনগণ আর সেই সুযোগ দেবে না।
দলীয় কাঠামো নিয়ে সারজিস আলম জানান, নভেম্বরের মধ্যে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্পন্ন করার লক্ষ্য নিয়ে এগোছে এনসিপি। তিনি বলেন, “যদি ফেব্রুয়ারিতেও নির্বাচন হয়, আমরা সংগঠনের শক্তির জোরে সরকার গঠনের জন্য বা একটি কার্যকর বিরোধী দল হিসেবে লড়ব।”
নির্বাচনী প্রতীক নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, শাপলা প্রতীকের মালিকানা আইনগতভাবে এনসিপির। নির্বাচন কমিশন যদি নিরপেক্ষভাবে কাজ করে, তবে শিগগিরই এটি আমাদের প্রতীক হিসেবে ঘোষণা করা হবে।
তিনি আরও যোগ করেন, কমিশন যদি কারও প্রভাবে পক্ষপাতমূলক আচরণ করে, তাহলে তার গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে। আমরা বিশ্বাস করি, আইন অনুযায়ী শাপলা প্রতীক নিয়েই আমরা নির্বাচন করব।
সারজিস আলমের বক্তব্যে দলের ভবিষ্যৎ পরিকল্পনা ও রাজনৈতিক অবস্থান স্পষ্ট হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, জনগণের সমর্থন নিয়েই এনসিপি দেশের গণতান্ত্রিক ধারা এগিয়ে নিয়ে যাবে।
জেএইচআর