ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে যুবদলের কেন্দ্রীয় কমিটি।জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষ থেকে এই কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়।
সোমবার দিবাগত রাতে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক চিঠিতে উল্লেখ করা হয়, জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে থেকেও জেলা যুবদলের স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় শৈথিল্য প্রদর্শন করায় সংগঠনে বিশৃঙ্খলা তৈরী হচ্ছে মর্মে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দৃষ্টিগোচর হয়েছে।
এমতাবস্থায়, সংগঠনের শৃঙ্খলা বিনষ্টকারী এহেন কর্মকান্ডের জন্য আপনাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবেনা, তা আগামী ২৪ ঘন্টার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এর সম্মুখে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেয়ার নির্দেশ প্রদান করা হয়।
এ বিষয়ে ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন বলেন, কারণ দর্শানোর নোটিশ হাতে পেয়েছি। আমরা দলের আদর্শ মেনে রাজনীতি করি। যেহেতু সরাসরি উপস্থিত হয়ে ব্যাখ্যা দেয়ার নির্দেশ প্রদান করা হয়েছে। আমরা সরাসরি উপস্থিত হয়ে আমাদের ব্যাখা প্রদান করা হবে।
প্রসঙ্গত, রোববার বিকেলে ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের পরমানন্দপুর এলাকায় গনসংযোগকালে ফরিদপুর-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য এ কে আজাদের গাড়ী বহরে হামলা করে স্থানীয় যুবদল নেতাকর্মীরা। এসময় ডিবি পুলিশের একটি গাড়ী ও এ কে আজাদের বহরের একটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনার একদিন পরে এই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলো।
জেএইচআর