হাসনাত আবদুল্লাহ

বাংলাদেশে আওয়ামী লীগ একটি ‘ডেড চ্যাপ্টার’

পিরোজপুর প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৫, ০৮:১৩ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, বিএনপি ও জামায়াতের সঙ্গে আমাদের (এনসিপি) দূরত্ব হওয়ার কথাটি সত্য নয়। 

তিনি বলেন, “ক্রিয়াশীল বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কারের পক্ষে যারা অবস্থান নেয়, এনসিপি তাদের সঙ্গে হৃদ্যতা বজায় রাখে। যারা সংস্কারের বিপক্ষে থাকবে, তাদের সঙ্গে দূরত্ব তৈরি হবে।”

শুক্রবার দুপুরে এনসিপি পিরোজপুর জেলা শাখার সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, “এক এগারো থেকে ফ্যাসিবাদকাল পর্যন্ত বাংলাদেশ গণতন্ত্রহীন সময়ে অতিক্রান্ত হয়েছে। গণতান্ত্রিক উত্তরণের জন্য নির্বাচন অত্যন্ত জরুরি। এই যাত্রায় এনসিপি অন্যতম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।”

তিনি আরও বলেন, এনসিপি সবসময় ‘হ্যাঁ–না’ পদ্ধতিতে সংস্কারমূলক প্রস্তাবনার প্রতি অবস্থান জানাচ্ছে। যারা মৌলিক সংস্কারের বিপক্ষে অবস্থান নিচ্ছেন, তাদের বিষয়টি স্পষ্ট। এ সময় তিনি অতি দ্রুত গণভোটের মাধ্যমে ‘অর্ডার’ জারি করার ওপর জোর দেন এবং বলেন, এটি অধ্যাদেশ বা প্রজ্ঞাপন নয়, আদেশ হতে হবে।

এনসিপি নির্বাচনে জোটে যাবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “নির্বাচনে জোটের সিদ্ধান্ত মূলত সংস্কারের পক্ষে কারা আছে তা নির্ধারণ করবে। সময়ের সঙ্গে সিদ্ধান্ত নেওয়া হবে।”

আওয়ামী লীগকে পুনর্বাসনের বিষয়ে তিনি মন্তব্য করেন, “বাংলাদেশে আওয়ামী লীগ একটি ‘ডেড চ্যাপ্টার’। বিএনপি ও জামায়াতকে আওয়ামী লীগের কাছে টানার প্রচেষ্টা দুঃখজনক। জনগণই নির্ধারণ করবে তারা কাকে ভোট দেবে।”

ইসিতে শাপলাকলি প্রতীক অন্তর্ভুক্তি বিষয়ে তিনি বলেন, “নির্বাচন কমিশনের কোনো নীতিমালা নেই। কোন নীতিমালার আওতায় শাপলাকলি বা বেগুনকে অন্তর্ভুক্ত করা হয়েছে তা স্পষ্ট নয়। কমিশন অবশ্যই নীতিমালা ও নিয়মের ভিত্তিতে কাজ করবে।”

সভায় উপস্থিত ছিলেন এনসিপির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন, কেন্দ্রীয় সদস্য ও বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী আবু সাঈদ মুসা, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও পিরোজপুর জেলার প্রধান সমন্বয়কারী মশিউর রহমান, পিরোজপুর জেলার যুগ্ম সমন্বয়কারী মো. আল আমিন খান, মাহবুবুল আলম নাঈম প্রমুখ।

এর আগে, পিরোজপুর সদর উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসনাত আবদুল্লাহ।

ইএইচ