বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে উচ্ছ্বাস ও আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে স্বাগত জানানো হলো জুলাই যোদ্ধা শহীদ মীর মুগ্ধের জমজ ভাই বিএনপি নেতা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে।
রোববার বিকাল ৪টায় শিবগঞ্জ উপজেলার মীর মুগ্ধ স্কয়ারে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত ছাত্র–জনতা সমাবেশে তিনি অংশ নেন।
সমাবেশস্থলে পৌঁছালে হাজার হাজার ছাত্র–জনতা মিছিলসহকারে ও ৫ শতাধিক মোটরসাইকেল বহর নিয়ে ঐতিহাসিক মহাস্থানগড় থেকে মীর স্নিগ্ধকে বরণ করে নেন।
ছাত্র–জনতা সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার এমপি প্রার্থী মীর শাহে আলম।
বিএনপিতে যোগদান করার পর প্রথম রাজনৈতিক বক্তৃতায় মীর স্নিগ্ধ বলেন, “পুণ্যভূমি শিবগঞ্জের মহাস্থানগড় থেকে প্রথম রাজনৈতিক বক্তৃতা দেওয়ার সুযোগ পেয়ে নিজেকে গর্বিত মনে করছি। খুনী হাসিনা আমার ভাইসহ ২ হাজার ভাই–বোনকে হত্যা করেছে এবং ২০ হাজার জনকে আহত করেছে।”
তিনি আরও বলেন, “খুনী হাসিনার গুম, খুন ও জুলমের শিকার সবচেয়ে বেশি বিএনপি। ছোটবেলা থেকে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীনতা দেখে আসছি। তার আদর্শে উজ্জীবিত হয়ে বিএনপিতে যোগ দিয়েছি।”
মীর স্নিগ্ধ দাবি করেন, ভাইয়ের মৃত্যুর পর খুনী হাসিনার ব্ল্যাংক চেকের অফার ফিরিয়ে দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, “আমরা তবুও হাসিনার সঙ্গে আপোষ করিনি। খুনি হাসিনার বিচার এ দেশে হতে হবে। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশজুড়ে জুলাই যোদ্ধাসহ সকল তরুণ–যুবকদের একত্রিত করে ফ্যাসিবাদী ব্যবস্থা চিরজীবনের জন্য বিলুপ্ত করা হবে।”
সভাপতির বক্তব্যে মীর শাহে আলম বলেন, “বিএনপি জুলাইয়ের সবচেয়ে বড় শক্তি। শহীদ মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ বিএনপিতে যোগ দেয়ার মাধ্যমে এ শক্তি আবারো প্রমাণ হলো।”
উল্লেখ্য, শহীদ মীর মুগ্ধ জুলাই যোদ্ধাদের পানি খাওয়ানোর সময় পুলিশের গুলিতে নিহত হন। মৃত্যুর আগে মীর মুগ্ধের ‘পানি লাগবে পানি’ ডাক কোটি কোটি মানুষের হৃদয় কাঁড়ে।
ইএইচ