বিএনপি ক্ষমতায় এলে কর্মসংস্থান হবে গ্রামের ঘরে ঘরে রাজধানী বা বড় শহরে আর কাজের খোঁজে ছুটতে হবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত 'দক্ষ জনশক্তি দেশ গঠনের মূল ভিত্তি' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, আমরা সরকার গঠনের প্রথম এক বছরের মধ্যেই অন্তত এক কোটি মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি করব। দেশের উন্নয়নের মূল চাবিকাঠি হলো দক্ষ মানবসম্পদ। সেই লক্ষ্যে আমরা গ্রামীণ অর্থনীতি ও প্রযুক্তিনির্ভর উদ্যোগের প্রসার ঘটাবো।
তিনি আরও বলেন, যারা ঢাকায় বা চট্টগ্রামে কাজের সন্ধানে আসেন, তারা নিজেদের গ্রামেই কর্মসংস্থানের সুযোগ পাবেন। গ্রামীণ শিল্প, কুটির শিল্প, আইটি খাত, কলসেন্টার, নার্সিং এবং সেবা–নির্ভর পেশাকে আধুনিকায়ন করা হবে। উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ ও ব্র্যান্ডিং সহায়তাও থাকবে।
তথ্যপ্রযুক্তি ব্যবহার করে প্রশাসনিক হয়রানি বন্ধের প্রতিশ্রুতি দিয়ে বিএনপির এই নেতা বলেন, সেবাগ্রহীতাদের সরকারি দফতরে ধরনা দিতে হবে না। ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে সেবা পৌঁছে যাবে নাগরিকের দোরগোড়ায়। এতে সময়, অর্থ ও দুর্নীতি সবকিছুই কমে আসবে।
জাতীয় বাজেট কাঠামোতেও পরিবর্তনের ইঙ্গিত দিয়ে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কোনো মেগা প্রকল্প হাতে নেওয়া হবে না। উন্নয়নের বাজেট সরাসরি মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে ব্যয় হবে। জাতীয় বাজেটের অন্তত ৫ শতাংশ শিক্ষা ও স্বাস্থ্যখাতে বরাদ্দ করা হবে।
তিনি আরও যোগ করেন, জনগণের রায় ও মালিকানা জনগণের কাছেই থাকবে এটাই আমাদের নীতি। ঢাকায় বসে নয়, জনগণের ইচ্ছা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে চাই আমরা।
সেমিনারে সভাপতিত্ব করেন আইডিইবির কেন্দ্রীয় আহ্বায়ক প্রকৌশলী মো. কবীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু ও ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব প্রকৌশলী আশরাফুল আলম।
স্বাগত বক্তব্য রাখেন আইডিইবির কেন্দ্রীয় সদস্য সচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন, আর মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের গবেষণা বিভাগের প্রতিনিধিরা।
ইএইচ