কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নাশকতা ও নৈরাজ্য ঠেকাতে বৃহস্পতিবার ভোর থেকে রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা।
ফজরের নামাজের পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, শাহবাগ, রামপুরা, মিরপুর, গাবতলী, ধানমণ্ডি, গুলিস্তান ও যাত্রাবাড়ীসহ বিভিন্ন পয়েন্টে তাদের উপস্থিতি লক্ষ্য করা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিবিরের বড় সমাবেশের খবর পাওয়া গেছে।
জানা গেছে, মিরপুর মাজার রোড, ১০ নম্বর গোলচত্তর ও আশপাশের এলাকায় মিছিল করেছে জামায়াত–শিবিরের কর্মীরা। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর উত্তরা, খিলখেত, বসুন্ধরা গেট, শাহবাগ, মহাখালী, সায়েন্সল্যাব, বাহাদুর শাহ পার্ক ও চিটাগাং রোড পর্যন্ত দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করা হবে।
ইসলামী ছাত্রশিবির এক বিবৃতিতে জানিয়েছে, আওয়ামী লীগের আগুন–সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে ছাত্রসমাজ ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে।
রামপুরা ও উত্তরার বিভিন্ন পয়েন্টে প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার শিবির কর্মীদের অবস্থান নিতে দেখা গেছে। ঢাকা–১১ আসনে জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট আতিকুর রহমানের নেতৃত্বে রামপুরা বাজার এলাকায় অবস্থান কর্মসূচি চলে। এ সময় তারা আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।
এর আগে বুধবার রাতে গুলশানে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বনানী সেন্ট্রাল মসজিদের সামনে থেকে গুলশান পশ্চিম থানা জামায়াতের উদ্যোগে শুরু হওয়া ওই মিছিলে নেতৃত্ব দেন ঢাকা–১৭ আসনের প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান।
এদিকে, ফ্যাসিবাদবিরোধী আট দলীয় জোট বুধবার এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সহিংসতা প্রতিরোধে দেশব্যাপী রাজপথে থাকার ঘোষণা দেয়। জোটের নেতারা বলেন, “দেশের মানুষকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদী অপশক্তিকে রুখে দিতে সব দেশপ্রেমিক শক্তিকে মাঠে নামতে হবে।”
ইএইচ