জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে দুই অভিযোগে মৃত্যুদণ্ড ঘোষণার পর দেশবাসীর প্রতি ধৈর্য, সতর্কতা ও ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রায় ঘোষণার কিছুক্ষণ পর সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে “সংকটময় মোড়” বলে বর্ণনা করেন।
বিবৃতিতে তিনি বলেন, “বাংলাদেশ আজ এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে। রাজনৈতিক উত্তাপ, সামাজিক অস্থিরতা ও দীর্ঘ অনিশ্চয়তার মাঝে সবচেয়ে জরুরি হলো ন্যায়বিচার, সত্য এবং জনগণের অধিকারকে সর্বোচ্চ স্থানে প্রতিষ্ঠা করা।”
তিনি আরও উল্লেখ করেন যে, দেশের অগ্রগতি নির্ভর করে বৈধতা, ন্যায়, স্বচ্ছতা ও জনগণের মতামতের মর্যাদার ওপর। ব্যক্তিনির্ভর নয়, নীতিনির্ভর রাজনীতি প্রতিষ্ঠাকেই তিনি সময়ের দাবি হিসেবে তুলে ধরেন।
ডা. শফিকুর রহমান বলেন, “আমাদের সংগ্রাম কারো বিরুদ্ধে নয়; আমাদের সংগ্রাম ন্যায়, অধিকার, গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষে। আমরা চাই এমন বাংলাদেশ যেখানে সব নাগরিক নিরাপদে মত প্রকাশ করতে পারবে এবং বিচার হবে নিরপেক্ষ।”
তিনি দেশবাসীকে শান্ত ও সতর্ক থাকার পাশাপাশি জাতীয় পুনর্গঠনের লক্ষ্য নিয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মামলার রায়ে শেখ হাসিনাকে দুটি অভিযোগে মৃত্যুদণ্ড, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ সোমবার দুপুরে রায় ঘোষণা করেন।
ইএইচ