রুহুল কবির রিজভী

এরশাদ-হাসিনার চরিত্রে কোনো পার্থক্য নেই, দুজনেই গণতন্ত্রকে হত্যা করেছে

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৫, ০৫:৪৭ পিএম

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জাতীয় রাজনীতিতে এরশাদ এবং শেখ হাসিনার চরিত্রে কোনো পার্থক্য ছিল না। উভয়ই প্রকাশ্যে মুখোমুখি থাকলেও শেষ মুহূর্তে হাত মিলিয়ে গণতন্ত্রকে বারবার গলা কেটে হত্যা করেছেন।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে রিজভী বলেন, “উভয় শাসনামলে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল। ইকোনোমিক্স থাকলেও শেখ হাসিনার সাড়ে ১৫ বছরের শাসনে যা হয়েছে তা হলো ‘হাসিনোমিক্স’। ব্যাংক থেকে ঋণ নিলেও তা ফেরত দিতে হবে না, নতুন ঋণ নেওয়ার সুযোগ তৈরি করা হতো।”

তিনি আরও বলেন, “দেশ আজ সাড়ে ছয় লাখ কোটি টাকার খেলাপি ঋণের বোঝা নিয়ে চলতে বাধ্য। নতুন সরকারকে অর্থনীতিকে এই অবস্থার বাইরে নিয়ে আসতে শক্ত পদক্ষেপ নিতে হবে। যদিও অন্তর্বর্তীকালীন সরকার কিছু উদ্যোগ নিয়েছে, তবে কর্মসংস্থান হচ্ছে না, বেকারত্ব বাড়ছে।”

রিজভী সম্প্রতি ব্যাংকের ভল্টে স্বর্ণ জালিয়াতির প্রসঙ্গও উল্লেখ করে বলেন, “দুটি ভল্ট থেকে ৮৩২ ভরি স্বর্ণ বের হয়েছে। এ নিয়ে নানা কথাবার্তা চলছে। স্বর্ণ শেখ হাসিনা বা তার দলের কারও সঙ্গে সম্পর্কিত কি না, শিগগিরই প্রকাশ পাবে।”

সভায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, নেতা নাজিম উদ্দীন আলম, মোস্তাফিজুর রহমান বাবুল প্রমুখ।

ইএইচ