৩০০ আসনেই প্রার্থী দেবে গণঅধিকার পরিষদ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৫, ০৮:৪৬ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদ ৩০০ আসনেই প্রার্থী দেবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান।

বৃহস্পতিবার দুপুরে সংসদ নির্বাচন উপলক্ষে রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদের দলীয় কার্যালয়ে দ্বিতীয় ধাপে প্রার্থী ঘোষণার সময় তিনি এ কথা বলেন।

রাশেদ খান বলেন, এ দফায় আরও ১৫০ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী ঘোষণা করা হয়েছে। এ নিয়ে ২০০ আসনে প্রার্থী ঘোষণা করা হলো। পরের দফায় আরও ১০০ প্রার্থী ঘোষণা করা হবে।

তবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সম্মানে তার নির্বাচনী আসন তিনটিতে প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ।

নির্বাচনী জোট নিয়ে রাশেদ খান বলেন, ফ্যাসিবাদবিরোধী অনেক রাজনৈতিক দলের সঙ্গেই নির্বাচনী জোটের প্রাথমিক আলোচনা চলছে। কোনোটাই এখন পর্যন্ত চূড়ান্ত নয়। জোট হলে আলোচনা সাপেক্ষে প্রার্থিতা দেওয়া হবে।

একই দিনে গণভোট ও সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের সমর্থন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে পরিবেশ তৈরি করতে হবে।

ইএইচ