এনসিপিসহ ৩ দলের নতুন জোট ঘোষণা বিকেলে

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৫, ০২:৫৮ পিএম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ (এবি) পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন যৌথভাবে গঠন করতে যাচ্ছে নতুন রাজনৈতিক জোট ‘রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য’। 

রোববার বিকেল ৪টায় রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, তিন দলের সমন্বয়ে সংস্কারের পক্ষে নতুন রাজনৈতিক ও নির্বাচনী জোট আসছে। দেশের প্রয়োজনীয় পরিবর্তন এবং জনগণের প্রত্যাশা পূরণে তারা এক প্ল্যাটফর্মে কাজ করতে চায়।

আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু বলেন, জুলাই অভ্যুত্থানের চেতনা ধরে রেখে নতুন রাজনৈতিক বন্দোবস্ত নির্মাণে এই জোট গঠন করা হচ্ছে। তিনি জানান, ঘোষণার অনুষ্ঠানে তিন দলের শীর্ষ নেতাসহ অন্যান্য সহযোগী রাজনৈতিক দলের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন।

রাষ্ট্র সংস্কার আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল ভূঁইয়া বলেন, আপাতত তিন দলের সমন্বয়ে জোট হলেও ভবিষ্যতে আরও দল এতে যুক্ত হতে পারে। উদ্দেশ্য হলো দেশের রাজনৈতিক সংস্কারকে নতুন ধারায় এগিয়ে নেওয়া।

এনসিপি জানায়, নতুন জোট দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, নির্বাচনী সংস্কার এবং জনগণের অংশগ্রহণমূলক রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করবে। পর্যবেক্ষকরা মনে করছেন, তিন দলের এই নতুন ঐক্য আগামী জাতীয় নির্বাচন এবং দেশের রাজনৈতিক পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

জেএইচআর