বাংলাদেশে দিল্লির মসনদ জ্বালিয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
শনিবার দুপুর ১২টার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ আয়োজিত বিক্ষুব্ধ নাগরিক সমাবেশ ও গণপ্রতিরোধ সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, দিল্লির আধিপত্য কোনও ব্যক্তি, কোনও প্রতিষ্ঠান, কোনও পেশাজীবী বা কোনও বুদ্ধিজীবীর মাধ্যমে এই বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না।
তিনি বলেন, গুলি শুধু ওসমান হাদির মাথার ভেতর দিয়ে যায়নি, বাংলাদেশের প্রতিটি মানুষের বিবেকের ভেতর দিয়ে গেছে। গত ১৭ বছর ধরে যারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে, তারাই এখন বিভিন্ন পরিচয়ে টকশোর বুদ্ধিজীবী, নাট্যকর্মী বা সাংস্কৃতিক কর্মী হিসেবে নতুনভাবে সক্রিয় হচ্ছে।
তিনি আরও বলেন, বাংলাদেশে ফ্যাসিস্টদের কোনও জায়গা হবে না। সে যে নামেই থাকুক না কেন। গুলশানে জাতীয় পার্টির নামে যারা আবার ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে, তাদের বাংলাদেশে এক ইঞ্চি জায়গাও দেওয়া হবে না।
আওয়ামী লীগ ও ভারত বাংলাদেশের শত্রু উল্লেখ করে তিনি বলেন, আমরা জানি কারা কারা ভারতের সঙ্গে যোগাযোগ করে ক্ষমতায় যেতে চান। সীমান্তের ওপার বা অন্যদেশ থেকে নয়, ক্ষমতা নির্ধারণ হবে দেশের মানুষের ভোটে।
এএন/জেএইচআর