ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলাকে 'নির্বাচনবিরোধী ষড়যন্ত্র' বলে অভিহিত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ৫ আগস্টের বিপ্লবের অংশীদারদের বিতর্কিত ও হত্যাযোগ্য করে তোলার ধারাবাহিক প্রক্রিয়ার অংশ এটি।
রোববার সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এনসিপির পক্ষ থেকে এ সময় শ্রদ্ধা জানানো হয়।
নাহিদ ইসলাম বলেন, চব্বিশের বিপ্লবের যাঁরা অংশীদার ছিলেন, কোনো না কোনোভাবে তাঁদের বিতর্কিত করা, তাঁদের হত্যাযোগ্য করে তোলার চেষ্টা ৫ আগস্ট থেকেই হচ্ছে। এটা সেটারও ধারাবাহিকতা।
তিনি আরও বলেন, কোনো একটি শক্তি মনে করছে যে, চব্বিশের নেতৃত্বগুলোকে সরিয়ে দিলেই বিপ্লবকে নস্যাৎ করা সম্ভব, কিন্তু তারা ব্যর্থ হবে।
এনসিপির আহ্বায়ক বলেন, আজ বাংলাদেশের ইতিহাসের অন্যতম একটি কালো দিন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বিজয়ের প্রাক্কালে ১৪ ডিসেম্বর বাংলাদেশের মুক্তিযুদ্ধপন্থী লেখক, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী বুদ্ধিজীবীদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়। হত্যা করার উদ্দেশ্য ছিল যাতে বাংলাদেশ জাতি হিসেবে এগোতে না পারে।
তিনি দুঃখ প্রকাশ করে বলেন, যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা লড়াই করেছিলেন এবং বুদ্ধিজীবীরা প্রাণ দিয়েছিলেন, ৫৪ বছরেও সেই সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিত হয়নি; বরং দেশ বারবার দাসত্বের মুখে পড়েছে, ফ্যাসিবাদের মুখে পড়েছে।
নাহিদ ইসলাম বলেন, সামনে যেহেতু নির্বাচন, এখন সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে গণতান্ত্রিক উত্তরণের দিকে আমরা যেতে চাই এবং আমাদের সংস্কারের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি আমরা রক্ষা করতে চাই।
জেএইচআর