খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হলেন শামছুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ০৭:২৪ পিএম

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা (সিএসও) হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলাম। 

বুধবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ড. এ কে এম শামছুল ইসলামকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে।

এদিকে, আগামী ২৫ ডিসেম্বর দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই প্রত্যাবর্তন ঘিরে দেশজুড়ে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তবে মঙ্গলবার লন্ডনে আয়োজিত বিজয় দিবসের এক সভায় তারেক রহমান নেতাকর্মীদের অনুরোধ করেছেন, তারা যেন বিমানবন্দরে ভিড় না করেন।

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপি ইতোমধ্যে একটি শক্তিশালী অভ্যর্থনা কমিটি গঠন করেছে। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে এই কমিটির আহ্বায়ক এবং রুহুল কবির রিজভীকে সদস্য সচিব করা হয়েছে।

অন্যদিকে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে এখনো উদ্বেগ কাটেনি। হৃদযন্ত্র ও ফুসফুসের জটিলতা নিয়ে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার মতো শারীরিক স্থিতিশীলতা এখনো তৈরি হয়নি। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্ত্রী ডা. জুবাইদা রহমান প্রতিদিন হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার চিকিৎসার নিয়মিত তদারকি করছেন।

ইএইচ