জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধানমণ্ডি থানার যুগ্ম সমন্বয়কারী জান্নাত আরা রুমির রহস্যজনক মৃত্যুতে গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানায় এনসিপি।
বিবৃতিতে বলা হয়, ফ্যাসিবাদবিরোধী যোদ্ধা জান্নাত আরা রুমিকে আওয়ামী সন্ত্রাসীরা দীর্ঘ সময় ধরে হত্যা ও ধর্ষণের হুমকি দিয়ে আসছিল। এর ধারাবাহিকতায় তাঁর রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এনসিপি এই মৃত্যুকে ঘিরে গভীর সন্দেহ প্রকাশ করছে এবং একে আওয়ামী সন্ত্রাসীদের পরিচালিত ধারাবাহিক মানসিক নির্যাতনের ফল হিসেবে উল্লেখ করেছে।
সংগঠনটি অভিযোগ করে জানায়, মৃত্যুর আগে জান্নাত আরা রুমি সংঘবদ্ধ সাইবার বুলিং, প্রকাশ্য প্রাণনাশের হুমকি ও তীব্র মানসিক নির্যাতনের শিকার ছিলেন। গত ১৩ নভেম্বর হুমকিদাতাদের নাম, মোবাইল নম্বর ও প্রয়োজনীয় তথ্য-প্রমাণ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
এনসিপি মনে করে, সাহসী এই নারী রাজনৈতিক কর্মীকে পরিকল্পিতভাবে আতঙ্কিত ও বিপর্যস্ত করে তোলার মাধ্যমেই মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, জান্নাত আরা রুমির মৃত্যু শুধু একটি ব্যক্তিগত ক্ষতি নয়, বরং এটি বিরোধী রাজনীতির ওপর আওয়ামী সন্ত্রাসের একটি নির্মম বহিঃপ্রকাশ।
জাতীয় নাগরিক পার্টি এই ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। একই সাথে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে সংগঠনটি।
ইএইচ