দেশের চলমান অস্থির ও উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় নিয়ে পূর্বঘোষিত দুটি গুরুত্বপূর্ণ দলীয় কর্মসূচি স্থগিত করেছে বিএনপি।
শুক্রবার দুপুরে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সার্বিক রাজনৈতিক ও জরুরি পরিস্থিতি পর্যবেক্ষণ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্থগিত হওয়া কর্মসূচি দুটির মধ্যে ছিল আজ বিকেল ৩টায় মানিক মিয়া এভিনিউয়ের সেচ ভবনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি অনুষ্ঠান এবং বিকেল ৪টায় কারওয়ান বাজারের ওয়াসা ভবনের সামনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নির্ধারিত কর্মসূচি। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, রাজধানীতে বিরাজমান চরম উত্তেজনা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যু পরবর্তী পরিস্থিতি বিবেচনায় নিয়ে এসব কর্মসূচি আপাতত স্থগিত রাখা হয়েছে।
এদিকে, উদ্ভূত পরিস্থিতিতে আজ রাত সাড়ে ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির এক জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে। লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে এই বৈঠকে সভাপতিত্ব করবেন।
ধারণা করা হচ্ছে, স্থায়ী কমিটির এই বিশেষ সভায় দেশের সর্বশেষ রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি, রাজপথের মব ভায়োলেন্স এবং গণমাধ্যম কার্যালয়ে হামলার পরবর্তী করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। এ ছাড়া আসন্ন জাতীয় নির্বাচন কেন্দ্রিক দলীয় সাংগঠনিক কৌশল নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে।
ইএইচ