বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফেরা উপলক্ষে তাঁকে ইতিহাসের শ্রেষ্ঠ ও স্মরণীয় সংবর্ধনা দেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা-৬ আসনে দলীয় মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
শনিবার রাজধানীর গোপীবাগে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এক প্রস্তুতি সভায় তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন।
ইশরাক হোসেন বলেন, তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঘিরে জনগণের মাঝে এক অভূতপূর্ব স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করা যাচ্ছে। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো নেতাকর্মী ও সাধারণ মানুষকে সাথে নিয়ে আমরা তাঁকে বীরোচিতভাবে বরণ করে নেব। এটি বাংলাদেশের ইতিহাসে এক অনন্য সংবর্ধনা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নিরাপত্তা প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে ইশরাক হোসেন বলেন, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসীদের জামিন পাওয়া এবং তাদের প্রকাশ্য চলাফেরা সাধারণ মানুষের মনে শঙ্কা তৈরি করছে। তিনি অভিযোগ করেন যে, আওয়ামী লীগ এখনও তাদের সহিংসতার রাজনীতি ও বিরোধী মত দমনের কূটকৌশল থেকে সরে আসেনি। তিনি শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন, গোপন হামলা রাজনৈতিক দুর্বলতারই পরিচয়। পাশাপাশি তিনি গণমাধ্যম কার্যালয়ে সাম্প্রতিক হামলার ঘটনার নিন্দা জানিয়ে একে আন্তর্জাতিকভাবে দেশের ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা হিসেবে অভিহিত করেন।
আসন্ন নির্বাচন প্রসঙ্গে ইশরাক বলেন, বিএনপি জয়ের লক্ষ্য নিয়েই নির্বাচনে অংশগ্রহণ করছে। বিজয়ের জন্য প্রতিটি ভোটকেন্দ্রে শক্তিশালী ব্যবস্থাপনা গড়ে তোলা এবং ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কঠোর নজরদারি নিশ্চিত করার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করেন এবং তারেক রহমানের নেতৃত্বে দল আরও শক্তিশালী হবে বলে মন্তব্য করেন।
এএন/জেএইচআর