বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ০১:৪৭ পিএম

বগুড়া-৬ (সদর) আসন থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। 

রোববার বেলা সাড়ে ১২টায় বগুড়া জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কার্যালয় থেকে এই মনোনয়নপত্র উত্তোলন করা হয়।

তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্রটি গ্রহণ করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, বগুড়া বিএনপির ঘাঁটি এবং তারেক রহমান এখান থেকে নির্বাচন করবেন এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। জনগণের বিপুল ভোটে তিনি এই আসন থেকে বিজয়ী হবেন বলে আমরা আশাবাদী।

মনোনয়নপত্র সংগ্রহের সময় জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবর রহমান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জিএম সিরাজ, ভিপি সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন চাঁন এবং জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনসহ অন্যান্য অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

তারেক রহমানের নিজের জেলা বগুড়া থেকে নির্বাচনের এই ঘোষণা স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করেছে। এর আগে ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনেও এই আসন থেকে বিএনপি প্রার্থীরা বিপুল ব্যবধানে জয়ী হয়েছিলেন। আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরার কথা রয়েছে, যার আগেই তাঁর এই মনোনয়নপত্র সংগ্রহের প্রক্রিয়াটি সম্পন্ন হলো।

জেএইচআর