শহীদ শরীফ ওসমান বিন হাদি (ওসমান হাদি) হত্যাকাণ্ডের বিচার ইস্যুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং নিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছে ইনকিলাব মঞ্চ।
রোববার রাতে সংগঠনের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে অভিযোগ করা হয়, অ্যাডিশনাল আইজিপিকে দিয়ে সংবাদ সম্মেলন করিয়ে এই পৈশাচিক হত্যাকাণ্ডকে ‘তুচ্ছ ও অগুরুত্বপূর্ণ’ হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে।
ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বলা হয়, শনিবার শাহবাগের জনসমুদ্রে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে যে ২ দফা দাবি জানানো হয়েছিল, তার একটিও পূরণ করা হয়নি।
বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহ-স্বরাষ্ট্র উপদেষ্টা নিজে উপস্থিত থেকে কোনো ব্যাখ্যা দেননি। এছাড়া সিভিল ও মিলিটারি গোয়েন্দা সংস্থাগুলো থেকে আওয়ামী দোসরদের চিহ্নিত করে এখনো গ্রেপ্তার করা হয়নি বলে দাবি করে সংগঠনটি।
পোস্টে আরও উল্লেখ করা হয়, প্রশাসনের অভ্যন্তরে ঘাপটি মেরে থাকা ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রধান উপদেষ্টার পূর্ণ কর্তৃত্ব স্থাপন এবং দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার যে দাবি জানানো হয়েছিল, সে বিষয়ে সরকার কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।
এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে পরবর্তী কর্মসূচি ও অবস্থান ঘোষণা করতে সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টায় শাহবাগের ‘শহীদ হাদি চত্বরে’ (সাবেক শাহবাগ মোড়) এক জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে এই সংবাদ সম্মেলন থেকে নতুন কোনো কঠোর কর্মসূচি আসে কি না, সেদিকেই এখন সবার নজর।
ইএইচ