দেশে এসেছে বিএনপি’র কেনা বুলেট প্রুফ বাস

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৫, ০১:০০ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে বিদেশ থেকে আমদানিকৃত বিশেষ বুলেটপ্রুফ বাস দেশে পৌঁছেছে। 

রোববার বাসটি চট্টগ্রাম বন্দরে খালাস করা হয়েছে এবং আজ বা কালকের মধ্যে এটি রাজধানীতে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের ব্যবহারের জন্য ইতোমধ্যে একটি বিশেষ সুবিধাসম্পন্ন ‘হার্ড জিপ’ গাড়িও দেশে এসে পৌঁছেছে। টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো এলসি ২৫০ (Toyota Land Cruiser Prado LC 250) মডেলের এই গাড়িটি গত মঙ্গলবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) থেকে রেজিস্ট্রেশন ও ফিটনেস অনুমোদন পেয়েছে। গাড়িটি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নামেই নিবন্ধিত হয়েছে।

উল্লেখ্য, শীর্ষ দুই নেতার নির্বাচনী প্রচারণায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিএনপিকে দুটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি দিয়েছিল। এর মধ্যে প্রথম গাড়িটির অনুমতি মিলেছিল গত জুন মাসে এবং দ্বিতীয়টির অনুমতি দেওয়া হয় অক্টোবর মাসে। 

আসন্ন নির্বাচনে দেশব্যাপী ঝটিকা সফর এবং গণসংযোগের সময় তাদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতে এই বিশেষ যানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের পর এই গাড়ি ও বাসটি তাঁর নির্বাচনী প্রচারণায় ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হচ্ছে বলে জানা গেছে।

ইএইচ