ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি

শহীদ হাদির বিচার নিশ্চিত করার আগে নির্বাচন হতে দেওয়া হবে না

নিজস্ব প্রতিবেদক, ঢাকা প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৫, ০৩:৩৪ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি। 

সোমবার বেলা ১২টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এই হুঁশিয়ারি প্রদান করেন।

জাবের স্পষ্ট করে বলেন, “ওসমান হাদির খুনিদের আড়াল করে তড়িঘড়ি নির্বাচনের আয়োজন করা যাবে না। খুনি ও তাদের মদদদাতাদের বিচার না হওয়া পর্যন্ত ইনকিলাব মঞ্চ রাজপথ ছাড়বে না। শহীদ হাদির বিচার নিশ্চিত করার আগে দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।”

সংবাদ সম্মেলনে বিচারিক প্রক্রিয়া নিয়ে সুনির্দিষ্ট দাবি তুলে ধরে জাবের বলেন, অতি দ্রুত একটি শক্তিশালী ‘বিচারিক ট্রাইব্যুনাল’ গঠন করতে হবে। এই তদন্ত প্রক্রিয়ায় স্বচ্ছতা ও বিশ্বস্ততা নিশ্চিত করতে এফবিআই বা স্কটল্যান্ড ইয়ার্ডের মতো আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাকে যুক্ত করার জোরালো দাবি জানান তিনি। 

তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, হাদির বিচার বাদ দিয়ে কেবল স্থিতিশীলতার দোহাই দিয়ে লিয়াজোঁ করার কোনো সুযোগ নেই।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর বিজয়নগরে রিকশায় থাকা অবস্থায় দুর্বৃত্তদের গুলিতে গুরুত্বর আহত হন ওসমান হাদি। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়। গত শনিবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে কবি নজরুল ইসলামের সমাধি প্রাঙ্গণে তাঁকে সমাহিত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আজ বিকেল ৩টায় ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হবে। সেখান থেকেই পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে এবং সরকারের সঙ্গে থাকা বা পতনের আন্দোলনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

ইএইচ