প্রার্থিতা নিয়ে সিইসির সঙ্গে বিএনপির বৈঠক

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৫, ০৩:৫২ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ ও ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির প্রক্রিয়া নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। 

সোমবার বিকেল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই বৈঠক শুরু হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে তিন সদস্যের এই প্রতিনিধিদলে আরও রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া। বৈঠকে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম রহমান মাছউদ এবং ইসির সিনিয়র সচিবও উপস্থিত রয়েছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা এবং তাঁর সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার আইনি ও কারিগরি বিষয়গুলো নিয়ে আলোচনার উদ্দেশ্যেই এই বৈঠকের আয়োজন। দীর্ঘ ১৮ বছর পর আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের কথা রয়েছে।

তারেক রহমান আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার গুঞ্জন থাকলেও তিনি বর্তমানে ভোটার তালিকায় নেই। যেহেতু নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছে, তাই এই সময়ে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে নির্বাচন কমিশনের বিশেষ অনুমোদনের প্রয়োজন রয়েছে। প্রতিনিধিদল মূলত সেই আইনি প্রক্রিয়াগুলো দ্রুত সম্পন্ন করার বিষয়ে সিইসির সঙ্গে মতবিনিময় করছেন।

উল্লেখ্য, এর আগে গতকাল রবিবার তারেক রহমানের পক্ষে বগুড়ার দুটি আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে

জেএইচআর