ডাকসু জিএস ও এজিএসের বিয়ে কাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ১১:১৩ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মহিউদ্দীন খানের বাগদান (আকদ) একই দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

বুধবার রাজধানীর কাঁটাবন মসজিদে আনুষ্ঠানিকভাবে তাদের এই বাগদান সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

ডাকসুর কার্যনির্বাহী সদস্য মিফতাহুল হুসাইন আল মারুফ গণমাধ্যমকে এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। 

দলীয় ও পারিবারিক সূত্র জানায়, চলতি ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে তাদের বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করে কর্মসূচিটি স্থগিত করা হয়েছিল।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে ডাকসুর কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দীন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে দুই নেতার বিয়ের খবরটি নিশ্চিত করে লিখেন, “ডাকসুর এজিএস মহিউদ্দীন খান ও জিএস এস এম ফরহাদ আগামীকাল বিয়ে করছেন, ইনশাআল্লাহ।” তিনি তাদের নতুন জীবনের জন্য সকলের কাছে দোয়া ও শুভকামনাও চেয়েছেন।

উল্লেখ্য, এস এম ফরহাদ ও মহিউদ্দীন খান ডাকসুর গুরুত্বপূর্ণ পদের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এস এম ফরহাদ বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ইনস্টিটিউটের ২০১৭-১৮ সেশনের এবং মহিউদ্দীন লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। এখন পর্যন্ত কনেদের পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

ইএইচ