গুলশানের বাসভবনে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৫, ০৮:৫৯ পিএম

সাড়ে ১৭ বছরের দীর্ঘ নির্বাসন জীবনের অবসান ঘটিয়ে অবশেষে গুলশানের বাসভবনে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তিনি গুলশানের ১৯-৬ নম্বর বাসায় প্রবেশ করেন। এসময় প্রিয় নেতাকে বরণ করে নিতে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা হাজার হাজার নেতাকর্মী ‘স্বাগতম তারেক রহমান’ স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন।

এর আগে, সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি গুলশানের উদ্দেশে রওয়ানা হন।

হাসপাতালে প্রায় এক ঘণ্টা ৪০ মিনিট অবস্থানকালে তিনি মায়ের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দীর্ঘ সময় পর এক আবেগঘন পরিবেশে মায়ের সান্নিধ্যে সময় কাটান।

তার হাসপাতালে আসার আগেই স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান সেখানে পৌঁছেছিলেন।

ঐতিহাসিক এই দিনটির শুরু হয় বেলা ১১টা ৪০ মিনিটে, যখন তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে তিনি সরাসরি পূর্বাচলের ৩০০ ফিট সংলগ্ন বিশাল গণসংবর্ধনা মঞ্চে উপস্থিত হন। লক্ষ লক্ষ মানুষের জনসমুদ্রে দেওয়া ভাষণে তিনি দেশের গণতন্ত্র রক্ষা, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ নিয়ে তাঁর পরিকল্পনার কথা বিশদভাবে তুলে ধরেন।

গণসংবর্ধনা শেষে কোনো বিশ্রাম না নিয়েই সরাসরি মায়ের কাছে ছুটে যান এই শীর্ষ নেতা। দীর্ঘ প্রতীক্ষার পর নেতার এমন ব্যস্ততম ও আবেগঘন স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সারা দেশে বিএনপির নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। বর্তমানে তিনি গুলশানের বাসভবনে পরিবারের সদস্য ও দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে অবস্থান করছেন।

ইএইচ