মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার বিকেলে রাজধানীর শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত সম্পন্ন করে তিনি সরাসরি সাভার অভিমুখে যাত্রা শুরু করেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে জাতীয় স্মৃতিসৌধে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল প্রস্তুতি ও পূর্ণ আয়োজন সম্পন্ন করা হয়েছে। তিনি সন্তোষ প্রকাশ করে জানান, জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণকে যথাযথ মর্যাদায় সাজিয়ে তোলা হয়েছে।
দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমানের এই সফর ঘিরে সাভারে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্মৃতিসৌধ ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে এক হাজারের বেশি সদস্য মোতায়েন করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষের চলাচল সীমিত করার পাশাপাশি পুরো কমপ্লেক্স এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করে দর্শনীয় করে তোলা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার থেকেই স্মৃতিসৌধ প্রাঙ্গণ ধুয়ে-মুছে এবং লেকের পানি পরিষ্কার করে প্রস্তুতির কাজ শেষ করা হয়। সন্ধ্যা নাগাদ তারেক রহমান স্মৃতিসৌধের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি রাষ্ট্রীয় ও দলীয় সম্মান প্রদর্শন করবেন বলে জানা গেছে।
ইএইচ