রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা বেগম খালেদা জিয়াকে দেখতে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার রাত ৯টা ৪০ মিনিটে তিনি হাসপাতালে পৌঁছান এবং মায়ের শয্যাপাশে বেশ কিছুক্ষণ অবস্থান করে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার দিনভর ব্যস্ত সময় পার করেছেন তারেক রহমান। সকালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জুলাই অভ্যুত্থানে শহিদ ওসমান হাদির কবর জিয়ারত করেন। সেখান থেকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গিয়ে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আঙুলের ছাপ ও চোখের আইরিশ দিয়ে ভোটার হওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করেন। তাঁর সঙ্গে মেয়ে জাইমা রহমানও এনআইডির আবেদন সম্পন্ন করেছেন।
বিকেলে তিনি রাজধানীর বনানী কবরস্থানে গিয়ে ছোট ভাই আরাফাত রহমান কোকো ও শ্বশুর রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন। এরপর তিনি বনানী সামরিক কবরস্থানে গিয়ে ‘পিলখানা ট্র্যাজেডি’তে শহিদ ৫৭ জন সেনা কর্মকর্তার কবরে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেন। সেখান থেকে ধানমন্ডিতে শ্বশুরবাড়ি ‘মাহবুব ভবন’-এ গিয়ে আত্মীয়-স্বজনদের সঙ্গে সময় কাটান।
উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফেরেন তারেক রহমান। ফেরার দিনই রাজধানীর ৩০০ ফিট এলাকায় এক বিশাল গণসংবর্ধনা শেষে তিনি সরাসরি হাসপাতালে গিয়ে মা খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছিলেন।
শনিবার রাতে দ্বিতীয়বারের মতো তিনি মায়ের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে হাসপাতালে যান। মায়ের সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।
ইএইচ